চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খাতা পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) প্রক্রিয়া ও দিকনির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ডগুলো।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানান, আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। কোনো ধরনের ম্যানুয়াল বা কাগজের মাধ্যমে জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন করার নিয়ম:
১. প্রথমে নির্ধারিত ওয়েবসাইট rescrutiny.eduboardresults.gov.bd -এ প্রবেশ করতে হবে।
২. নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে ড্রপ ডাউন মেনু থেকে নিজ নিজ বোর্ড নির্বাচন করে 'সাবমিট' বাটনে ক্লিক করতে হবে।
৩. এরপর শিক্ষার্থী বা অভিভাবকের একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
৪. পরের স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলোর ফলাফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে 'ফি প্রদান করুন' বাটনে ক্লিক করতে হবে।
ফি ও পরিশোধ পদ্ধতি:
- প্রতিটি পত্রের পুনর্নিরীক্ষণের জন্য ১৫০ টাকা ফি প্রযোজ্য হবে।
- দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
- ফি পরিশোধের পরিমাণ নিশ্চিত হওয়ার পর বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে ফি প্রদান করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ পোর্টালের 'হেল্প' বাটনে পাওয়া যাবে।
আবেদন সংশোধন ও নতুন বিষয় সংযোজন:
ফি পরিশোধ সফল হলে পোর্টালে ফিরে এসে 'জমা দিন' বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে। একবার ফি পরিশোধ করে আবেদন করার পর যদি কেউ নতুন কোনো বিষয় যুক্ত করতে চান, তবে নতুন করে মোবাইল নম্বর না দিয়েই একইভাবে তা করা যাবে।
তবে ফি প্রদানের আগে আবেদনে কোনো পরিবর্তন বা পরিমার্জন করতে চাইলে 'মুছে ফেলুন' বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয় বাতিল করে নতুন বিষয় নির্বাচন করা যাবে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, একবার ফি জমা দিয়ে দিলে সেই আবেদন আর বাতিল করা যাবে না এবং ফি বাবদ জমা দেওয়া টাকা কোনো অবস্থাতেই ফেরত পাওয়া যাবে না।

No comments:
Post a Comment