জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) National University-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য অনলাইন আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এছাড়া, কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সময় নির্ধারণ করা হয়েছে ৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। প্রাথমিক আবেদন ফরমসহ নির্ধারিত আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার শেষ সময় ৪ মার্চ পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রফেশনাল কোর্সগুলোর মধ্যে রয়েছে— বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এলএলবি শেষপর্ব, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এবং ২০২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম।
ভর্তি কার্যক্রমের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে।
এদিকে, ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ের পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, প্রাথমিক আবেদন ফরমে প্রদত্ত ছবি বা কোনো তথ্য ভুল কিংবা অসম্পূর্ণ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক http://app11.nu.edu.bd/ ওয়েবসাইটের Prospectus ও Important Notice অপশন থেকে জানা যাবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন