সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মেধা ও কোটার ভিত্তিতে সারা দেশে মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। তবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র পাওয়ার ক্ষেত্রে ডোপটেস্টসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও নির্দেশনা জারি করা হয়েছে।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষা ও ডোপটেস্ট বাধ্যতামূলক
নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ এবং ডোপটেস্ট রিপোর্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় কেউ অযোগ্য বিবেচিত হলে বা ডোপটেস্ট রিপোর্টে নেতিবাচক কিছু আসলে সংশ্লিষ্ট প্রার্থীর নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
সশরীরে উপস্থিত হয়ে তথ্য যাচাই
নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সব মূল সনদ নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হতে হবে। যাচাইয়ের জন্য যা যা সঙ্গে আনতে হবে:
সকল শিক্ষা সনদের মূল কপি।
জাতীয় পরিচয়পত্র (NID)।
তিন কপি যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম।
সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপটেস্ট রিপোর্ট।
প্রযোজ্য ক্ষেত্রে কোটার স্বপক্ষে মূল সনদ।
পুলিশ ভেরিফিকেশন ও নিরাপত্তা যাচাই
চূড়ান্ত নিয়োগের আগে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন করা হবে। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসী বা জঙ্গি কার্যক্রম কিংবা রাষ্ট্রবিরোধী কোনো কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তিনি চাকরির জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন।
অন্যান্য সতর্কবার্তা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফলাফল তৈরিতে কোনো প্রকার ভুল-ভ্রান্তি বা মুদ্রণজনিত ত্রুটি থাকলে কর্তৃপক্ষ তা সংশোধন বা বাতিলের পূর্ণ এখতিয়ার রাখে। এছাড়া কোনো প্রার্থী যদি তথ্য গোপন করেন বা ভুয়া তথ্য প্রদান করেন, তবে নিয়োগের যেকোনো পর্যায়ে তার নির্বাচন বাতিল করা হবে।
সতর্কতা: নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য সনদ জমা দিতে ব্যর্থ হলে বা নথিপত্র যাচাইয়ের জন্য উপস্থিত না হলে ওই প্রার্থীকে নিয়োগের জন্য আর বিবেচনা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে অধিদপ্তর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন